রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব 

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে 'ফল উৎসব' ও ক্রীড়াসামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।  

আজ ​রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসবমুখর কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে ৬২ প্রকারের দেশীয় ও মৌসুমি ফল নিয়ে ব্যতিক্রমী 'ফল উৎসব'-এর আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে (ডিপার্টমেন্ট) ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।  

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি ক্যাম্পাসে ঘুরে আয়োজনের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ায় জবি ছাত্রদলের সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

​অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সৃজনশীল ও ইতিবাচক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"

​আয়োজনের বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন জানান, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশ গঠনের ইতিবাচক রাজনীতি এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে অর্থবহ ও জনকল্যাণমুখী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়া চর্চা জোরদার করার প্রত্যয়েই এই কর্মসূচি পালিত হচ্ছে।  

​উল্লেখ্য, দুই দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করবে জবি ছাত্রদল।  

​উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!