সোমবার ২৬, অক্টোবর ২০২৬

সোমবার ২৬, অক্টোবর ২০২৬ -- : -- --

পিএসসির সদস্য হলেন জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো জাবি অধ্যাপক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

অধ্যাপক ড. শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এ দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি বিপিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, ‘রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।’

প্রসঙ্গত, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অবস্থান নেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। আন্দোলনের সময় ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি জাবি সিনেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Link copied!