রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়,আবেদনে যেসব পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণও চলছে। তবে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় ভর্তি আবেদনের যোগ্যতায় পরিবর্তন এনেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এখন পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুচ্ছ জিপিএ শর্ত কমিয়েছে অথবা শিথিল করেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। গত শিক্ষাবর্ষে এ দুই শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল।

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শাখার আবেদনকারীদের মোট জিপিএর শর্ত ছিল ৮.০০।

বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি আবেদনের যোগ্যতায় জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক, আলিম বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি-এই চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৬.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেরও উল্লিখিত বিষয়গুলোতে সমতুল্য গ্রেড অর্জন করতে হবে। আগের শিক্ষাবর্ষে চার বিষয়ে মোট জিপিএর শর্ত ছিল ১৮।

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে।

এবার আবেদনের যোগ্যতায় শিথিলতা আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হতো। নতুন নিয়মে চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং মোট জিপিএ ৮.০০ থাকলেই আবেদন করা যাবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি। অনলাইনে আবেদন করা যাবে ৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪.০০ থাকতে হবে। এইচএসসির ক্ষেত্রে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ ১২ এবং প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এ বছর ইংরেজি বিষয়ে জিপিএর শর্ত বাদ দেওয়া হয়েছে।

আগের শিক্ষাবর্ষে উচ্চতর গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন-চার বিষয়ে সম্মিলিতভাবে জিপিএ ১৮ চাওয়া হয়েছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হতো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২২ নভেম্বর)। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার সব ইউনিটেই জিপিএর যোগ্যতা কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ইউনিটভেদে আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ প্রয়োজন ছিল।

‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং অন্য বিভাগগুলোর জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।

‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ প্রয়োজন ছিল।

‘সি১’ ইউনিটের (নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ) ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন ছিল।

‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এ শর্ত ছিল মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ৪.০০।

‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ নির্ধারিত ছিল। এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪.০০ এবং এইচএসসিতে ৩.৫০ থাকতে হতো।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ প্রয়োজন। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮.০০ এবং অন্য বিভাগগুলোর জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট ও পৃথক জিপিএর শর্ত কমানো হয়েছে। ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় মোট জিপিএর ন্যূনতম শর্ত কমেছে। তবে ‘সি’ ইউনিটে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। পাশাপাশি কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং পৃথকভাবে কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম জিপিএ থাকা যাবে না।

চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে ৩.২৫ প্রয়োজন ছিল। ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০, ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ এবং ‘ডি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ থাকতে হতো। ‘ই’ ইউনিটে গত বছর মোট জিপিএর ন্যূনতম শর্ত ছিল ৬.০০।

বুটেক্স ও রুয়েট

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মোট জিপিএর শর্ত অপরিবর্তিত রেখে বিষয়ভিত্তিক জিপিএর যোগ্যতা শিথিল করেছে।

বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি-এই চার বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট অর্জন করতে হবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারিত ছিল। তবে ওই বছর চার বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্ত অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, রুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন-এই তিন বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ ১৩.০০ থাকতে হবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এ তিন বিষয়ে সম্মিলিত জিপিএর শর্ত ছিল ১৪.০০।

এদিকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি আবেদনেও জিপিএর যোগ্যতা কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

Link copied!