রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

৪৮ বছরে পদার্পণ: নারী শিক্ষার্থীদের ভাবনায় ইসলামী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপিত করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার ৪৮ বছরে পা রাখছে বিশ্ববিদ্যালয়টি। 

বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষা-বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই বিদ্যাপীঠ। এতে নারী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী শিক্ষার্থীদের ভাবনাগুলো পাঠকদের কাছে তুলে ধরছেন ক্যাম্পাস রিপোর্ট প্রতিনিধি তাওহিদ ইসলাম।

আদর্শের চর্চা হোক, বৈষম্যের নয়:
ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করবে। বিশ্ববিদ্যালয়ে আদর্শের চর্চা হোক, তবে তার নামে কোনো অমুসলিম কিংবা নারী শিক্ষার্থী যেন বৈষম্যের শিকার না হয়। প্রত্যেক শিক্ষার্থীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সমান হওয়া উচিত। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা নতুন করে কোনো ধরনের ধর্মীয় কিংবা লিঙ্গভিত্তিক বৈষম্য দেখতে চাই না। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে ইসলামী মূল্যবোধ, আধুনিক জ্ঞানচর্চা, ন্যায়বিচার ও মানবিকতার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী সমান অধিকারে নিরাপদে থাকতে পারবে।
জিন্নাত মালিয়াত সীমা, শিক্ষার্থী ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগ।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হোক:
প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত পড়ার সুযোগ পাওয়া জীবনের অন্যতম বড় প্রাপ্তি। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার আবেগ, ভালোবাসা ও প্রত্যাশা অন্যরকম। এই বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব হিসেবে দেখতে চাই। আমার প্রত্যাশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেন অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সুযোগ, স্বাধীনতা ও নেতৃত্বে পিছিয়ে না থাকে। একই সঙ্গে প্রতিটি সাধারণ শিক্ষার্থী যেন মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার ভোগ করতে পারে।

আমি চাই নিরাপত্তা নিশ্চিত হোক, কিন্তু স্বাধীনতা সংকুচিত না হোক। হলের আবাসিক ছাত্রী হোক কিংবা অনাবাসিক, প্রত্যেক নারী শিক্ষার্থী যেন নির্ভয়ে রাত ৮টা/৯টা পর্যন্ত ক্যাম্পাসে চলাচল করতে পারেন। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা টহল ও পর্যাপ্ত সিসিটিভি। পাশাপাশি প্রতিটি ওয়াশরুমে হ্যান্ডওয়াশের ব্যবস্থা, পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী ওয়াশরুম নিশ্চিত করা, ক্যাম্পাসে একটি ফার্মেসি প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করি।

আমি এমন একটি ইসলামী বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না; বরং স্বাধীনভাবে চিন্তা করবে, নিজেদের অধিকার নিয়ে কথা বলবে এবং নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বেড়ে উঠবে। 
ইসমাম হোসাইন তন্দ্রা, শিক্ষার্থী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।


নারী শিক্ষার্থীদের মূল্যায়নের রোল মডেল হয়ে উঠুক ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি নারী শিক্ষার্থীদের জ্ঞান, মর্যাদা ও নেতৃত্বের প্রতীক হওয়ার সুযোগও বহন করে। নারী শিক্ষার্থীদের মেধা, সাহস, সৃজনশীলতা ও নেতৃত্বকে সম্মানের সঙ্গে মূল্যায়ন করা হলে ইবি সত্যিই জাতীয় পর্যায়ে নারী শিক্ষার রোল মডেল হতে পারে।

নারী শিক্ষার্থীদের মূল্যায়ন মানে শুধু ফলাফল বা পরীক্ষার নম্বর নয়। গবেষণা, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবী কাজ এবং নেতৃত্বে তাদের অংশগ্রহণকেও স্বীকৃতি দিতে হবে। শ্রেণিকক্ষে সমান সুযোগ, নিরাপদ ক্যাম্পাস, যথাযথ আবাসন, পরিষ্কার ও নিরাপদ ওয়াশরুম, স্বাস্থ্যসেবা এবং হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এসবই তাদের পূর্ণ মূল্যায়নের পূর্বশর্ত। 

ইবি প্রশাসন যদি নীতিগত ঘোষণাকে কার্যকর রোডম্যাপে রূপ দেয় যেমন- নারী হল সম্প্রসারণ, নিরাপদ পরিবহন, অভিযোগ নিষ্পত্তির স্বচ্ছ ব্যবস্থা, নারীবান্ধব স্বাস্থ্যসেবা এবং ছাত্রীদের নেতৃত্ব উন্নয়নে বিশেষ উদ্যোগ তবে এটি কেবল নারী শিক্ষার্থীদের জন্য নয়, সমগ্র দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
মারিয়াম ফেরদৌস, শিক্ষার্থী বাংলা বিভাগ


সহশিক্ষামূলক কার্যক্রম ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা:
আমার কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ভালোবাসা, আবেগ ও স্বপ্নের একটি জায়গা।পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যাশা করছি, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, অবকাঠামো এবং শিক্ষার গুণগত মানের দিক থেকে আরও সমৃদ্ধ ও আধুনিক হয়ে উঠুক। শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ, গবেষণার সুযোগ এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত হোক।
উর্মিলা তন্নী পারিসা, শিক্ষার্থী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

Link copied!