রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

সোনার দামে বড় পতন, ভরি এখন দুই লাখের নিচে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর সোনার ভরি দুই লাখ টাকার নিচে নামল।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে ২০ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ভ্যাটসহ ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ওই দফায় দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। শনিবার পর্যন্ত এসব দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

চলতি নভেম্বর মাসে এর আগে ৬, ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯ ও ২০ নভেম্বর সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তসহ আট দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে।

অন্যদিকে, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!