রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

প্রতীকী ছবি

শেয়ারবাজারে যাত্রা শুরুর প্রথম দিনেই বড় আলোচনার জন্ম দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রের ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে ক্লড এআই চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবারের এই শেয়ারবাজার অভিষেককে এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ, এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগের পর সেই বিনিয়োগ কতটা লাভজনক হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অ্যানথ্রপিকের শেয়ারের নির্ধারিত বরাদ্দমূল্য ছিল ৮৩ ডলার। তবে লেনদেন শুরুর পরপরই দাম এর চেয়ে অনেকটা বেড়ে যায়। আগামী কয়েক মাস কোম্পানিটির কার্যক্রম ও আর্থিক অবস্থার ওপর বিনিয়োগকারীদের নিবিড় নজর থাকবে। মূলত এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজবেন তারা।

প্রথম দিনের কয়েক ঘণ্টার লেনদেনে অ্যানথ্রপিকের শেয়ারের দামের ওঠানামা থেকে বোঝা গেছে, এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনো পুরোপুরি নিশ্চয়তা তৈরি হয়নি। লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম বেড়ে ১১১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারের কাছাকাছি চলে যায়। তবে দিনের শেষ দিকে দর কিছুটা কমে ৯৭ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।

তারপরও প্রথম দিনের লেনদেনকে ইতিবাচক হিসেবে দেখছেন কিছু বিনিয়োগকারী। কারণ, দিন শেষে অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছিল। বিপরীতে ওই দিন সামগ্রিক প্রযুক্তিবাজারে ছিল দরপতন।

বৃহস্পতিবার ন্যাসডাক কম্পোজিট সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমে লেনদেন শেষ করে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম কমে ২ দশমিক ৯ শতাংশ এবং আমাজনের শেয়ারের দরপতন হয় প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

এআই প্রযুক্তির বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে বিপুল অর্থ ব্যয় করছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তির ইতিহাসে এ ধরনের অবকাঠামো নির্মাণকে অন্যতম ব্যয়বহুল উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু গত এক বছরেই কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি সম্মিলিতভাবে ১ লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এত দ্রুত বিনিয়োগ বাড়তে থাকায় এআই খাতে আর্থিক বুদ্‌বুদ বা ‘ফিন্যান্সিয়াল বাবল’ তৈরির আশঙ্কাও জোরালো হচ্ছে।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব সালফোর্ডের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, শেয়ারের দাম বাড়ার দিনেই সাফল্যের বুদ্‌বুদ ফেটে যায় না। বরং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হলে পরবর্তী সময়ে তা ফেটে যেতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের সক্ষমতা বেড়েছে। ফলে আগের তুলনায় অনেক বেশি তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে। এই প্রযুক্তিগত অগ্রগতির ওপর ভর করেই তৈরি হয়েছে এমন এআই চ্যাটবট, যেগুলো মানুষের কথোপকথন অনুকরণ করতে পারে। পাশাপাশি সফটওয়্যার কোড লেখা, ডিজিটাল ছবি তৈরি এবং ইন্টারনেটে দ্রুত তথ্য অনুসন্ধানের মতো কাজও করতে পারে এসব প্রযুক্তি। কম্পিউটার ব্যবহারের পদ্ধতিতেও এসেছে নতুন মাত্রা।

এই পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়েই দ্রুত এগিয়েছে অ্যানথ্রপিক। মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে জনপ্রিয় এআই চ্যাটবট ক্লড তৈরির জন্য পরিচিত।

কুইল্টার শেভিওটের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান বেন ব্যারিঞ্জারের ধারণা, শেয়ারবাজারে আসা প্রথম পূর্ণাঙ্গ এআই কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের শেয়ারের দামে সামনে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। তার মতে, প্রাথমিক উচ্ছ্বাস একসময় কমে আসবে।

এর আগে ইলন মাস্কের একটি কোম্পানির শেয়ারবাজারে অভিষেকের দিন শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছিল। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য রেকর্ড ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছায়। কিন্তু এক মাসের মধ্যেই শেয়ারের দাম অভিষেকের দিনের মূল্যের নিচে নেমে যায়। এরপর থেকে বেশির ভাগ সময়ই দর নিম্নমুখী ছিল।

সাধারণত শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর অনেক প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম কমতে দেখা যায়। বিশেষ করে প্রথমবারের মতো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এমন প্রবণতা দেখা দিতে পারে। তবে মেটা, আমাজন ও গুগলের মতো প্রতিষ্ঠান পরবর্তী সময়ে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে লাভজনক করপোরেশনগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

Link copied!