প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি। শনিবার (২১ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দর্শকদের করতালি ও উৎসাহের মধ্যে দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখেন।
ম্যাচের শুরু থেকেই ভালো খেলার ছন্দ ধরে রাখে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি। স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিও প্রতিপক্ষকে ঠেকাতে চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাঙ্গাটুঙ্গী।
এর আগে বিকেলে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহসভাপতি মনসুর কামাল নান্নু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি মোকাদ্দেস হায়াত।
