প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ৫টি শিক্ষাক্রমের কোর্স ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। জুলাই-ডিসেম্বর ২০২৭ থেকে কার্যকর হবে।
গত বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অনুষ্ঠিত ৫৮তম সভায় কোর্সের পুনঃফি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনির্ধারিত শিক্ষা ব্যায় 'বি.এসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এ.এইচ. কোর্সের ফি ৭ লক্ষ ২৫ হাজার থেকে বাড়িয়ে ৮ লাখ ১২ হাজার টাকা', 'বি. ফার্ম কোর্সের ফি ৬ লক্ষ থেকে বাড়িয়ে ৬ লাখ ৭২ হাজার টাকা', 'বি.এসসি ইন মাইক্রোবায়োলজি কোর্সের ফি ৩ লক্ষ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ ২০ হাজার টাকা' এবং 'বি.এসসি ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কোর্সের ফি '৩ লক্ষ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ ২০ হাজার টাকা' নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এলএলবি (অনার্স) কোর্সের ফি ৪লক্ষ ২৫হাজার টাকা থেকে বাড়িয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৬ হাজার টাকা।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হাসান বলেন, 'বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্বপ্ন ছিল, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও যেন গণ বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ পায়। অথচ তাঁর মৃত্যুর পর ধারাবাহিকভাবে বাড়ছে সেমিস্টার ও কোর্স ফি। আগে ভেটেরিনারি ডিগ্রি সম্পন্ন করতে প্রায় ৬ লাখ টাকা খরচ হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার টাকায়। অথচ শিক্ষার মান ও প্রয়োজনীয় ল্যাব সুবিধা সেই অনুপাতে বাড়েনি। আমাদের দাবি—আগে শিক্ষার মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে, তারপর যৌক্তিক ফি নির্ধারণ করা উচিত।'
এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহ্-আলম বলেন, 'গত ২-৩ বছরে কোর্স ফি পরিবর্তন করা হয় নাই। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের আরও ভালো মানের ল্যাব ও অন্যান্য সেবা নিশ্চিতের লক্ষ্যেই ট্রাস্টি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানান, 'বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
