রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আতিকুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাঈম ফারুকী।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দেবজয় সরকারকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সঙ্গে অতীত সম্পৃক্ততার অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

Link copied!