রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

‎টানা ৩ দিনের আকাশের কান্নায় ভিজছে নাসিরনগর, ঘরে চুলা জ্বলছে না অনেক খেঁটে ‎খাওয়া মানুষের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট


‎টানা তিন দিনের বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জনজীবন।
‎
‎কাজে যেতে না পেরে ঘরে বসে দিন কাটাচ্ছেন দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা-ভ্যানচালক, নির্মাণ শ্রমিক ও হকাররা। অনেকের ঘরে তিন বেলা খাবার জুটছে না।
‎
‎বৃহস্পতিবার ২০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজার, সড়ক ও গ্রামীণ রাস্তায় কাদা-পানিতে একাকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় মাঠে ধান কাটা, রোপণসহ কৃষি কাজ প্রায় বন্ধ। ক্ষেতের জমিতে পানি জমে থাকায় কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।
‎
‎নাসিরনগর সদরের দিনমজুর নাহিদ মিয়া বলেন, “তিন দিন ধইরা কাম নাই। ঘরে চাউল নাই, বাচ্চারা না খাইয়া আছে। বৃষ্টি কমলে কামে যাইতে পারমু।”
‎
‎একই কথা বলেন ভ্যানচালক আলাই মিয়া ও নির্মাণ শ্রমিক দিয়ারিশ মিয়াসহ অনেকেই। তারা জানান, বৃষ্টিতে যাত্রী না থাকায় ভ্যান-রিকশা চালিয়ে দিনে ১০০ টাকাও আয় হচ্ছে না। অথচ সংসার চালাতে প্রতিদিনই হিমসিম খাচ্ছেন তারা।
‎
‎বৈরী আবহাওয়ার সুযোগে বাজারে সবজিসহ নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। কাঁচা বাজারে আসা ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে মালামাল কম আসায় দাম চড়া। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো।
‎
‎রান্না করতে না পেরে অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। শিশু ও বয়স্করা ঠান্ডা-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
‎
‎আবহাওয়া অফিস জানিয়েছে, আরও এক-দুই দিন এই বৈরী আবহাওয়া থাকতে পারে।

Link copied!