প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ রুটিন প্রকাশ করে।
রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।
এবার সেই অপেক্ষা কমাতে এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
