প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
কমিটির প্রকাশিত রুটিনে বলা হয়েছে, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। ওই দিন সকালে প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম পত্র ও বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পরীক্ষার্থীদের ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এসব নির্দেশনায় পরীক্ষাকক্ষে প্রবেশ, আসন গ্রহণ, উত্তরপত্র পূরণ, ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারের নিয়মসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১০টা ২৫ মিনিটে।
অন্যদিকে, বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
৪. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৬. প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা বা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৮. পরীক্ষার্থীরা কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবেন। অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।
১০. পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১১. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য বিশেষ পরীক্ষা
সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেন। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।
এবার সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। গত ৩১ অক্টোবর ২০২৬ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
