মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --

বাউবির এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.৭৫ শতাংশ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর চূড়ান্ত পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালে এইচএসসির প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড অর্জন করেছেন।

ফলাফল ঘোষণার আগে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি করা নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন উপাচার্য।

অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইট result.bou.ac.bd-এ প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে:

গ্রামীণফোন (GP): মেসেজ অপশনে PB<space>BOU<space>Student ID (উদাহরণ: PB BOU 19011010048) লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। টেলিটক: BOU<space>Student ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। রবি ও বাংলালিংক: BOU<space>Student ID (উদাহরণ: BOU 19011010048) লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। 

Link copied!