মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

চা বিক্রেতাকে হত্যা, ১৮ বছর পর প্রধান আসামির মৃত্যুদণ্ড

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

সংগৃহীত

মৌলভীবাজারে ১২৬৩ টাকা পাওনা চাওয়ায় চা বিক্রেতা দুরূদ মিয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়া (৫৩) ও নিহত দুরূদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকাল সাড়ে ৬টার দিকে নারাইনপাশায় নিজের মুদি দোকানে ছিলেন দুরূদ মিয়া। এসময় ছাদিক মিয়া চা খেতে এলে তার কাছে দোকানের বকেয়া ১২৬৩ টাকা চান দুরূদ মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক বাড়ি গিয়ে চাচা ও ভাইদের নিয়ে ধারালো চাকু নিয়ে ফিরে আসে। পরে চাচা তছকির মিয়ার হুকুমে ছাদিক ধারালো চাকু দিয়ে দুরূদ মিয়ার পেটের বাম পাশে আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর বিচার কার্যক্রম শেষে আজ এ রায় দিলেন আদালত।

 

Link copied!