প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাঁরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরার কারণে এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন ওই শিক্ষক। এ ছাড়া একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে একটি বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব আচরণের প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনাগুলোকে সমর্থনকারীদের বিরুদ্ধেও প্রতীকী অবস্থান নেন শিক্ষার্থীরা।
কর্মসূচির স্লোগান ছিল ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’। শিক্ষার্থীদের ভাষ্য, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান জানানোর পাশাপাশি এসব আচরণের সমর্থকদেরও তাঁরা প্রত্যাখ্যান করছেন।
ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, তাসনিম সিরাজ মাহবুব বিভাগের এক শিক্ষার্থীকে নিকাব পরার কারণে ‘Fundamentalist’ ও ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। একই ক্লাসে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করেন তিনি। নায়েমের অভিযোগ, পরবর্তী সময়ে ওই শিক্ষক তাঁর ফেসবুক লাইভে এসব বিষয় সরাসরি উল্লেখ না করে একপক্ষীয় ও এআইনির্ভর একটি বিবৃতি দেন।
নায়েম আরও বলেন, সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক ও তাঁদের অনুসারীরা ওই শিক্ষককে সমর্থন করেছেন এবং শিক্ষার্থীদের মূল অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তাঁর দাবি, সোমবারের প্রতীকী প্রতিবাদ এসব অবস্থানের বিরুদ্ধেও।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, ‘বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আমি এই মুহূর্তে অফিসে নেই। তবে শিক্ষার্থীরা যদি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দিয়ে থাকে, তা দেখে বিষয়টি সম্পর্কে জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে ৮ অক্টোবর তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, ওই শিক্ষকের ক্লাস কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির প্রতিবাদে গত রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। একই সঙ্গে অন্য শিক্ষকদেরও শ্রেণিকক্ষের স্বাধীনতা রক্ষায় প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
এর ধারাবাহিকতায় সোমবার ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। শিক্ষার্থী মোহাম্মদ নায়েমের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক এবং তাঁর প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধেই তাঁদের এ প্রতীকী কর্মসূচি।
