মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

বাকৃবিতে নটরডেমিয়ান্স অ্যাসোসিয়েশনের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা উন্নয়নে ‘অ্যাকাডেমিক গাইডেন্স অ্যান্ড ক্যারিয়ার ব্লুপ্রিন্ট বাই এক্সপার্টস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারিতে নটরডেমিয়ান্স অ্যাসোসিয়েশন অব বাউয়ের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। তিনটি পর্বে অনুষ্ঠিত সেশনে অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. গোলাম সাকলায়েন আনাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সভাপতি ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল হুদা, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রভাষক হাসিবুল হাসান বিজয় এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রভাষক মো. আসরাউল হক রাফি এবং সংগঠনটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, নটরডেমিয়ান শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি ও পড়াশোনায় ভালো করার প্রবণতা রয়েছে। তাঁদের মধ্যে গড়ে ওঠা নেটওয়ার্ক ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জীবনের বিভিন্ন পর্যায়ে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব রয়েছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হলে তাঁদের নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়জীবন খুবই সংক্ষিপ্ত। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অল্প সময়েই বড় সাফল্য অর্জন করা সম্ভব। সঠিক পথে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় সফলতা আসবেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অনেকেই হয়তো কৃষিতে পড়ার আগ্রহ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। তবে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কৃষি খাতে রয়েছে অপার সম্ভাবনা ও অসংখ্য সুযোগ। শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব ঘটানো সম্ভব।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

Link copied!