মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

রোবোটিক্স-আইওটি নিয়ে রাবিপ্রবিতে সেমিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম

সংগৃহীত

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ক্লাবের আয়োজনে ‘বিয়ন্ড দ্য কোড: রোবোটিক্স, আইওটি অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এ সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এর প্রতিপাদ্য ছিল ‘এ মিনিংফুল সেশন অন রিসার্চ অ্যান্ড অ্যাচিভমেন্ট ফর রিয়েল ওয়ার্ল্ড ইমপ্যাক্ট’।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ।

রোবোটিক্স ও আইওটি বিষয়ে আলোচনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। তিনি স্মার্ট ডিভাইস প্রযুক্তি, রোবোটিক্স, আইওটি ও চতুর্থ শিল্পবিপ্লবের নানা দিক তুলে ধরেন। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

‘রিসার্চ টক’ সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গবেষণার ভূমিকা, গবেষণার গুরুত্ব এবং প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন নিয়ে আলোচনা করেন তিনি।

সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি সালমান জুয়েল বলেন, এ সেমিনার শিক্ষার্থীদের দক্ষ ও গবেষণামনস্ক গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করবে বলে তাঁরা আশা করছেন।

ক্লাবের সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আইওটি, রোবোটিক্স ও গবেষণা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন এবং অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে।

Link copied!