প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
সার্কভুক্ত দেশগুলোর যৌথ উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে পরবর্তী মেয়াদের জন্য এ পদে নির্বাচিত করা হয়। এর মাধ্যমে তিনি বিদায়ী চেয়ারম্যান ও শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক মামুন আহমেদের এ অর্জন দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করবে।
বোর্ডের নিয়মানুযায়ী, নতুন চেয়ারম্যানের কার্যকাল হবে পরবর্তী টানা দুটি গভর্নিং বোর্ডের সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, "সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান পদ পাওয়া অত্যন্ত সম্মান ও মর্যাদার। অর্পিত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে আমি প্রতিশ্রুতবদ্ধ।"
তিনি আরও যোগ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসিতে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সাথে সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানো এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"
উল্লেখ্য, অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে সার্কভুক্ত আটটি দেশ।
