মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

‘তালা ভেঙে’ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন।

নতুন উপাচার্য নিয়োগের পর শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে উপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দেন তাঁরা। তালার ওপর একটি কাগজে লেখা ছিল, ‘সায়েম স্যার ছাড়া এই তালা কেউ খুলতে পারবে না।’ কার্যালয়ে প্রবেশের আগে তালাটি ভেঙে নিজের দপ্তরে ঢোকেন নতুন উপাচার্য।

এদিকে, নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে নিয়োগ দেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ওই দিন রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তাঁরা।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২২ সেপ্টেম্বর থেকে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

দীর্ঘ ২০ দিন ধরে ক্লাস-পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও গবেষণা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে চরম স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে সেশনজটের আশঙ্কা।

Link copied!