সোমবার ১২, অক্টোবর ২০২৬

সোমবার ১২, অক্টোবর ২০২৬ -- : -- --

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পলি জমে ভরাট টাঙ্গন নদী: বিলুপ্তির ঝুঁকিতে হাজারো মা মাছ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদীর ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় মারাত্মক পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে করে প্রজনন মৌসুমে চরম হুমকির মুখে পড়েছে অভয়াশ্রমে আশ্রয় নেওয়া দেশীয় প্রজাতির হাজার হাজার বিশাল আকৃতির মা মাছ।

স্থানীয় মৎস্য বিভাগ সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও স্থায়ী সংরক্ষণের লক্ষ্যে ২০০১ সালে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে এই ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’ গড়ে তোলা হয়। অভয়াশ্রমটিতে রুই, কাতলা, শোল, বোয়াল, আইড়, চিতল, কই, টেংরা ও পুঁটিসহ হরেক রকমের দেশীয় মা মাছ নিরাপদে বিচরণ করে। প্রজনন মৌসুমে এসব মাছ নদীতে ডিম ছেড়ে পুনরায় অভয়াশ্রমে ফিরে আসে।

দীর্ঘদিন ধরে মৎস্য বিভাগ ও স্থানীয় মৎস্যজীবীদের নিবিড় পরিচর্যায় কদমতলী অভয়াশ্রমে বর্তমানে বিশালাকার মা মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে দীর্ঘকাল নদীটি পুনখনন না করায় পলি জমে অভয়াশ্রমের গভীরতা কমে গেছে। ফলে বর্তমানে সেখানে পানির তীব্র সংকট তৈরির পাশাপাশি মাছের খাবার সংকটও মারাত্মক রূপ নিয়েছে।

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম জানান, "অভয়াশ্রমটিতে ৩০ থেকে ৫০ কেজি ওজনের কয়েক হাজার মা বোয়াল, আইড়, চিতল, রুই ও কাতলা মাছ রয়েছে। নদীর পানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় মাছগুলো ঠিকমতো ঘোরাফেরা করতে পারছে না এবং প্রায়ই উপরে ভেসে উঠছে।"

তবে উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে উপজেলা মৎস্য বিভাগ। তারা জানান, দেশীয় মাছের প্রজনন ও সুরক্ষা বজায় রাখতে নদী খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!