ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শরিফ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রতন আলী।
সেমিনারে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনাদর্শ, মানবতাবোধ, সাম্যচেতনা ও অসাম্প্রদায়িক ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাহিত্য কীভাবে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছে এবং মানবিক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে, সে বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. রাফিউল ইসলাম। এ ছাড়া বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ ধারণের প্রত্যয়ে কলা ভবনের সম্মুখে কবিকে উৎসর্গ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, বাংলা সাহিত্য পরিষদ ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাহিত্যচর্চার প্রসারে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে।