বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জবিতে আসছে নিজস্ব ডেবিট কার্ড

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালুর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পৃথক দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। পূবালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকটির জিএম ও কার্ড অপারেশন ডিভিশনের হেড অসীম কুমার রায় এবং ইসলামী ব্যাংক পিএলসির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখার হেড মোঃ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড এবং ইসলামী ব্যাংক পিএলসি মাস্টারকার্ড ডেবিট কার্ড ইস্যু করবে। সংশ্লিষ্ট কার্ডধারীদের জন্য কার্ড ইস্যু বিনামূল্যে করা হবে। পাশাপাশি কার্ডধারীদের কাছ থেকে কোনো যোগদান ফি, ইস্যু ফি, বার্ষিক ফি বা নবায়ন ফি নেওয়া হবে না।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, এই আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আধুনিক ও যুগোপযোগী সেবাব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিজাইন সম্বলিত কার্ড চালুর প্রক্রিয়ায় সহযোগিতা করায় তিনি উভয় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান, জব ফেয়ার আয়োজন, বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও অন্যান্য শিক্ষা-সহায়ক কার্যক্রমে উভয় ব্যাংক আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন ও কর্মচারী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়, কার্ডধারীর সঙ্গে সম্পাদিত কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো আর্থিক বা অন্য কোনো দায় বহন করবে না। সংশ্লিষ্ট ব্যাংক ও কার্ডধারীর মধ্যকার লেনদেনের দায়-দায়িত্ব ব্যাংকিং বিধি ও চুক্তির শর্ত অনুযায়ী পরিচালিত হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও উভয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত পৃথক সমঝোতা স্মারকগুলো প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।

সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

Link copied!