রবিবার ৩০, আগস্ট ২০২৬

রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রাবাসের করুন দশা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার ছেলেদের আবাসিক হলের ৩০১ নম্বর কক্ষে ছাদের প্লাস্টার, ইট ও সুরকির বড় একটি অংশ ধসে পড়েছে। গত ২৬ আগস্ট রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে ঘুম থেকে উঠে কক্ষের মেঝেতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখতে পান আবাসিক শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়া, ফাটলসহ নানা ধরনের সমস্যা দৃশ্যমান। এসব বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কোথাও কোথাও সামান্য প্লাস্টার ও রং করার মধ্যেই মেরামতের কাজ সীমাবদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

আবাসিক শিক্ষার্থীরা বলছেন, একটি পুরোনো ভবনের কাঠামোগত দুর্বলতা শুধু রং কিংবা সামান্য প্লাস্টার দিয়ে সমাধান করা সম্ভব নয়। এতে সাময়িকভাবে ভবনটি দেখতে ভালো লাগলেও ভেতরের ঝুঁকি থেকেই যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই পুরো আবাসিক ভবনের প্রকৌশলগত পরীক্ষা করা প্রয়োজন।

এক আবাসিক শিক্ষার্থী বলেন, “আমরা প্রতিদিন রাতেই এই কক্ষগুলোতে ঘুমাই। কখন ছাদের কোন অংশ ভেঙে পড়ে, সেই আতঙ্ক এখন সবসময় কাজ করছে। বিষয়টি আগে জানানো হলেও স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

শিক্ষার্থীদের দাবি, শুধু ৩০১ নম্বর কক্ষ নয়, পুরো আবাসিক হলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে প্রকৌশলগতভাবে ভবনের নিরাপত্তা যাচাই করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কক্ষগুলোতে শিক্ষার্থীদের অবস্থান বন্ধ করে বিকল্প নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা দেশের প্রাচীন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর অন্যতম। শতবর্ষ পেরিয়ে আসা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের আবাসিক ভবনে ছাদের অংশ ধসে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দুর্ঘটনা ঘটার পর সাময়িক মেরামতের পরিবর্তে ভবনের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার এবং প্রয়োজনীয় কাঠামোগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

Link copied!