বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের চা শ্রমিক নেত্রী গ্রেপ্তার 

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

 দৈনিক ৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলার আসামি হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ৫০টি চা বাগানে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে শ্রমিকরা সম্প্রতি একযোগে দুই ঘণ্টা কর্মবিরতিও পালন করেছেন।

মামলার বাদী বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। তার অভিযোগ, গত ৩১ আগস্ট শ্রীমঙ্গল চৌমোহনা থেকে লেবার ইউনিয়ন পর্যন্ত মানবন্ধন ও মিছিল শেষে শ্রমিকরা লেবার হাউসে ঢুকে হাঙ্গামা ও ভাঙচুর করেন। এ সময় দুটি গ্লাস ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় গীতা রানী কানুসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অফিস দখল ও ভাঙচুরের মামলা করা হয়।

তবে আন্দোলনকারীদের পক্ষে প্রত্যক্ষদর্শী বিষু প্রসাদ গোয়ালা অভিযোগ করেন, মানববন্ধন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় চা-শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সুভাষ রবিদাস, বিজয় হাজরা, নৃপেন পাল, পঙ্কজ কন্দ ও ইউনিয়নের স্টাফ দুলাল হাজরা তাদের ওপর হামলা করেন। তার দাবি, দুলাল হাজরা ‘রডের মতো কিছু’ দিয়ে জনকলাল দেশোয়ারা জনি নামে এক কর্মীকে ইউনিয়ন কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন।

আন্দোলনের অন্যতম সংগঠক কিশোর প্রধান মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে বলেন, শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ের ভেতরে ঢোকেননি। এ বিষয়ে তাদের কাছে প্রশাসনকে আগে অবহিত করার প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গীতা রানী কানুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, একটা মামলা হয়েছে। ওইদিন উনারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে মারামারি ও গ্লাস ভাঙচুর করেছেন—এই অভিযোগে মামলা হয়েছে। তিনি আসামি। এ মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন। গীতা রানী কানুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় চা বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক নেতারা গীতা রানী কানুর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

 

Link copied!