বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে অনলাইন শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র মূল্যায়ন, নম্বর অনলাইনে ইনপুট প্রদান, ট্যাবুলেশন, ফলাফল প্রকাশ এবং পরীক্ষা সম্মানী প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা সম্ভব হবে।

সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd/) প্রবেশ করে ‘Teacher Registration’ অপশনে গিয়ে ই-মেইল ভেরিফিকেশন ও ওটিপি (OTP) প্রসেস সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি প্রদান করে ফর্ম সাবমিট করতে হবে। অনলাইন আবেদন শেষে ডাউনলোডকৃত নিবন্ধিত ফর্মটি প্রিন্ট করে স্বাক্ষরসহ নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য যাচাই ও অনুমোদন সম্পন্ন করলে শিক্ষকের অ্যাকাউন্টটি চূড়ান্তভাবে সক্রিয় হবে।

Link copied!