তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষার্থীর উদ্ভাবিত মোবাইল অ্যাপ ‘BRUR Campus’ এখন শিক্ষার্থীদের দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক নানা কাজকে সহজ করে তুলছে। সম্পূর্ণ বিনামূল্যে ও বিজ্ঞাপনহীন এই অ্যাপটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মুহাঃ আন নাহিয়ান প্রিন্স এবং সিথী রাণী রায়।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও বাস্তব সমস্যার সমাধান করার লক্ষ্য নিয়ে তৈরি করা এই অ্যাপে একসঙ্গে যুক্ত করা হয়েছে ক্যাম্পাস জীবনের প্রয়োজনীয় ২০টি সেবা। অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি থেকে শুরু করে সিভি বানানো, রক্তদাতা খোঁজা, বাসের সময়সূচি দেখা, সিজিপিএ হিসাব, জরুরি নম্বরে কল, এমনকি ক্যাম্পাস সংক্রান্ত তথ্যভিত্তিক এআই সহকারী—সবই পাওয়া যাচ্ছে একটি অ্যাপের মাধ্যমে।
ডেভেলপাররা জানান, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা লক্ষ্য করেন যে অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত কম্পিউটার নেই এবং ছোটখাটো একাডেমিক কাজের জন্যও তাদের বাইরের দোকানের ওপর নির্ভর করতে হয়। সেখান থেকেই একটি সহজ ও কার্যকর সমাধান তৈরির চিন্তা শুরু হয়। দীর্ঘ পর্যবেক্ষণ, গবেষণা এবং কোডিংয়ের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হয় ‘BRUR Campus’ অ্যাপ।
অ্যাপটির অন্যতম আকর্ষণ হলো অফলাইন কভার পেজ জেনারেটর, অফলাইন সিভি মেকার, স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট, ব্লাড ব্যাংক ও ডোনার রেজিস্ট্রি, বাস ট্রান্সপোর্ট ট্র্যাকার, সিজিপিএ ক্যালকুলেটর, সেশন জ্যাম ক্যালকুলেটর, বুক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম এবং অ্যালামনাই গাইডেন্স নেটওয়ার্ক।
ডেভেলপার মুহাঃ আন নাহিয়ান প্রিন্স বলেন, “এই অ্যাপটি আমাদের কাছে শুধু একটি সফটওয়্যার নয়; এটি আমাদের বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আমরা চেয়েছি প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সহজ সমাধান দিতে।”
সহকারী ডেভেলপার সিথী রাণী রায় বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসাই ছিল আমাদের মূল লক্ষ্য। অ্যাপটি ব্যবহার করে শিক্ষার্থীরা সময়, শ্রম ও অর্থ—তিনটিই সাশ্রয় করতে পারবে।”
ডেভেলপারদের দাবি, অ্যাপটিতে কোনো ধরনের বিজ্ঞাপন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা লুকানো চার্জ নেই। পাশাপাশি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত ডাটা কোনো ব্যাকএন্ড ট্র্যাকিংয়ে ব্যবহার করা হয় না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘BRUR Campus’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারছেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি এই উদ্ভাবনী অ্যাপ ভবিষ্যতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে।
অ্যাপের অফিসিয়াল নাম: BRUR Campus
প্ল্যাটফর্ম: অ্যান্ড্রয়েড (Google Play Store)
অ্যাপের মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে ও বিজ্ঞাপনহীন (Ad-Free)
ডেভেলপার ও প্রযুক্তিগত তদারকি: মুহাঃ আন নাহিয়ান প্রিন্স ও সিথী রাণী রায় (সিএসই ১৪তম আবর্তন, বেরোবি)
প্লে স্টোর ডাউনলোড লিংক:
https://play.google.com/store/apps/details?id=com.nahianprince.brur_campus
যোগাযোগ (মিডিয়া ও প্রেস এনকোয়ারি):
অ্যাপ সম্পর্কিত যেকোনো তথ্য বা সাক্ষাৎকারের জন্য অ্যাপের About Us অপশনের মাধ্যমে কিংবা সিএসই বিভাগের সাথে যোগাযোগ করা যাবে।