প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম
ময়মনসিংহের হালুয়াঘাটে ৫০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ)। উপজেলা প্রশাসন, হালুয়াঘাটের সহযোগিতায় রোববার (৩০ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কালিয়ানিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আসকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আইএসডিআরএফের সহসভাপতি আনিছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন এবং আইএসডিআরএফের নির্বাহী সদস্য ও পরিচালক অধ্যাপক ড. বাহানুর রহমান। বিশেষ অতিথি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. সেলিমা আক্তার খাতুন ও যুগ্ম সম্পাদক আবু তালহা। অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, আইএসডিআরএফের সাধারণ সম্পাদক, তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, বাকৃবি স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ফয়সাল আহম্মেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। প্রান্তিক শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের নীতি-নৈতিকতা ও মেধার বিকাশ ঘটে। তাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত মানবিক ও দূরদর্শী পদক্ষেপ।’
