বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ইউআইইউতে ১৮ এসি বাস চালু

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা আরও আরামদায়ক ও নিরাপদ পরিবহন সুবিধা পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে ইউআইইউ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। নতুন এসি বাস সার্ভিস শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে।

বিশেষ অতিথি মইনুদ্দীন হাসান রশীদ বলেন, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের পাশাপাশি সময় সাশ্রয়েও ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও কার্যকর করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকে ইউআইইউ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস ও ভর্তুকিভিত্তিক পরিবহন সুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮টি নতুন এসি বাস চালুর মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা হলো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Link copied!