সোমবার ৩১, আগস্ট ২০২৬

সোমবার ৩১, আগস্ট ২০২৬ -- : -- --

এশিয়ার নোবেল জয় করে বিশ্বমঞ্চে রুনা খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ অর্জন করেছেন বাংলাদেশের রুনা খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। মানুষের সেবা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি এবং পিছিয়ে পড়া মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সক্ষমতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। চলতি বছর রুনা খানের সঙ্গে আরও দুজন এ পুরস্কার পেয়েছেন। তারা হলেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৮তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৬ সালের বিজয়ীদের এমন কাজের জন্য নির্বাচিত করা হয়েছে, যা মানুষের সেবায় নিবেদিত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নেওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করার মতো মূল্যবোধের প্রতিফলন ঘটায়।

রুনা খান ২০০২ সালে ‘ফ্রেন্ডশিপ’ প্রতিষ্ঠা করেন। গত দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি বাংলাদেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু সহনশীলতা, জীবিকা উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে আসছে।

বিশ্বজুড়ে বৈষম্য, দারিদ্র্য, পরিবেশগত সংকট ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’-এর দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল এ পুরস্কারের মাধ্যমে।

Link copied!