সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

হাটের শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী: সংগ্রামে লেখা রুবেলের স্বপ্নযাত্রা

মো. রুবেল হোসেন

এক হাতে সংসারের দায়িত্ব, অন্য হাতে বই-খাতা। অভাব, অনটন আর প্রতিকূলতাকে সঙ্গী করেই উচ্চশিক্ষার স্বপ্ন বুনেছেন মো. রুবেল হোসেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। তবে এই পথচলা ছিল না সহজ, বরং প্রতিটি ধাপেই ছিল সংগ্রামের গল্প।

ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক সংকট তাঁকে পড়াশোনার পাশাপাশি কাজে নামতে বাধ্য করে। হাটের মৌসুমে সপ্তাহে তিন দিন শ্রমিক হিসেবে কাজ করেছেন, আবার ছুটির দিনে বাবার সঙ্গে রঙের কাজেও অংশ নিয়েছেন। প্রাইভেট পড়া, কোচিং কিংবা গাইড বই কেনার সামর্থ্য ছিল না। বন্ধুদের কাছ থেকে বই এনে নিজ চেষ্টায় পড়াশোনা চালিয়ে গেছেন।

করোনা মহামারির সময় অনলাইন ক্লাস শুরু হলে স্মার্টফোন কেনার প্রয়োজন হয়। বাবা কষ্ট করে টাকা জোগাড় করলেও সংসারের অভাবের কথা ভেবে রুবেল ফোন কেনেননি। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকাও জোগাড় করতে হিমশিম খেতে হয় পরিবারকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফি কমিয়ে দেন, আর বাবার এক বন্ধুর সহযোগিতায় তিনি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন। নিজের চেষ্টায় এসএসসি পরীক্ষায় জিপিএ–৪.০০ অর্জন করেন।

এরপর নাটোর সিটি কলেজে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ চালিয়ে যান। সপ্তাহের তিন দিন কাজের কারণে কলেজে যেতে না পারলেও বিষয়টি জানতে পেরে শিক্ষকরা তাঁর জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, তাঁকে গাইড বই দিয়েও সহযোগিতা করেন। শিক্ষকদের এই আন্তরিকতা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন রুবেল। কোচিং ছাড়াই নিজের প্রস্তুতিতে তিনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো ফল করেন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে ভর্তির সুযোগ পান। ভর্তি ফি জোগাড় করতে পরিবারকে ছাগল বিক্রি করতে হয়েছে, এমনকি ধারও করতে হয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনেও সংগ্রাম থেমে থাকেনি। খরচ বাঁচাতে কখনো একবেলা খেয়ে, কখনো না খেয়েই দিন পার করেছেন। পরিবারের দুশ্চিন্তা বাড়বে বলে নিজের কষ্ট তাঁদের জানাতেন না। পরে তাঁর আর্থিক সংকটের কথা বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদুল ইসলাম জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই সহায়তায় আজও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

রুবেলের গল্প কেবল একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সংগ্রামের কাহিনি নয়। এটি হাজারো সুবিধাবঞ্চিত তরুণের স্বপ্ন, সাহস ও অধ্যবসায়ের প্রতিচ্ছবি। তাঁর বিশ্বাস, ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং মানুষের আন্তরিক সহযোগিতা থাকলে দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

Link copied!