মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গরুর চিৎকারেই ধরা পড়ে সাপটির অবস্থান।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে।
খামারের ভেতরে অজগর সাপটি ঢুকে পড়ার পর গরুগুলো হঠাৎ চিৎকার ও অস্থিরতা শুরু করে। গরুর চিৎকার শুনে খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এ সময় তিনি ও খামারে থাকা অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে গরুর চিৎকার ও নড়াচড়ায় অজগরটি খামারের ভেতর থেকে বাইরে চলে আসে। বিষয়টি জানিয়ে খামারের মালিক জসীম উদ্দিন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতা চান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ, ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, অজগরটি লোকালয়ে ঢুকে পড়লেও আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে খবর দেওয়ায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তারা বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার আহ্বান জানান।