মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ লাখ টাকা চাঁদাবাজি ও অপহরণের দায়েরকৃত মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া আমলী আদালত জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ আসামির জামিন আবেদন নাকচ করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
দলীয় আধিপত্য ও পদ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এনসিপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতরা বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে ছিলেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, এহসান জাকারিয়া মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তোফায়েল আহমদ- এনসিপি নেতা,
সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি,সোহাগ মিয়া।
এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। তিনি মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক।
মামলার বাদী তামিম আহমদ বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের ওপর হামলা করা হয়।
এদিকে এহসান জাকারিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলেছেন দলের একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, এসব বিষয়ে দলীয় পর্যায়ে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকর কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগকারীদের আরও দাবি, দলের কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা সারজিস আলমের পক্ষপাতমূলক আচরণের কারণে এহসান জাকারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।