রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপবিষয়ক সেমিনার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন করতে আয়োজিত ইরাসমাস মুন্ডাস স্কলারশিপবিষয়ক এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আইইএলটিএস (IELTS) কোর্সের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও এডুম্যাক্স কনসালটেন্সি সেন্টারের যৌথ উদ্যোগে "Seminar on Erasmus Mundus Scholarship: Roadmap, Reality & Preparation" শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট এবং এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ড. আশিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ইউরোপের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মাপকাঠি এবং নির্বাচনের ক্ষেত্রে সিলেকশন কমিটি কোন কোন বিষয় বিবেচনা করে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ ছাড়া বাংলাদেশি আবেদনকারীদের সাধারণ ভুলগুলো তুলে ধরে কীভাবে একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করা যায়, সে বিষয়েও তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। পরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্কলারশিপ ও আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বক্তা সেগুলোর উত্তর দেন।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এ সময় এডুম্যাক্স কনসালটেন্সি সেন্টারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আইইএলটিএস কোর্স করানোর উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সেমিনার শেষে জকসুর নেতৃবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন।
জকসুর সহ সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে। জকসু সব সময়ই শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে চায়। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সেমিনার এবং ৩০০ শিক্ষার্থীর জন্য ফ্রি আইইএলটিএস কোর্সের এই সুযোগ আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে একটি মাইলফলক হয়ে থাকবে। এডুম্যাক্স কনসালটেন্সিকে এমন যুগোপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি।"
আয়োজকদের মতে, জকসু ও এডুম্যাক্স কনসালটেন্সি সেন্টারের এ যৌথ উদ্যোগ আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।