শুক্রবার ২৮, আগস্ট ২০২৬

শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মহড়ার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার উদয়ন চাকমা এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার জ্যাক রোজারিও।
অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে মহড়াটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। উভয় পর্বেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন।

মহড়ায় শিক্ষক-শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের সময় করণীয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং নিরাপদে দ্রুত সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে জ্ঞান ও বাস্তব দক্ষতা তৈরি হবে। ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আকস্মিক অগ্নিদুর্ঘটনা থেকে নিরাপদ রাখতে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানের প্রদর্শক আব্দুল কাদের মিয়া।

Link copied!