নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে আরও দ্রুত, সহজ ও কার্যকর করার ক্ষেত্রে ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডি-নথির ব্যবহারিক দিক সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা যায়। বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল প্রশিক্ষণ কক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ দাপ্তরিক ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে এ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করা হবে বলে উল্লেখ করেন তিনি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন, ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মিরাজ হোসেন।
প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।