প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’র উদ্যোগে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও কলম বক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী, সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা, ক্লাসরুম ইনচার্জ মোহাম্মদ রুম্মান আলম খান, অফিস সম্পাদক আলহাজ্ব রানা, সহকারী ইভেন্ট সেক্রেটারি আলিম বিন মুসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী বলেন, “এক টাকায় শিক্ষা-Give 1 taka daily, Bangladesh change gradually”-এই লক্ষ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও কলম বক্স বিতরণ করা হয়েছে।
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “‘এক টাকায় শিক্ষা’র উদ্যোগে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় স্কুল ব্যাগ ও কলম বক্স বিতরণ করা হয়েছে। তাদের এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সবাইকে এ উদ্যোগের সঙ্গে অংশীদার হওয়ার আহ্বান জানাই, যাতে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।”
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তাদের সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
