প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদনে ব্যাপক সাড়া মিলছে। ফলাফলে অসন্তুষ্ট হয়ে গত পাঁচ দিনে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এ আবেদন করার সুযোগ থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। শনিবার (১৫ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত তিন লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনের সংখ্যাও দ্রুত বাড়ছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে কম ফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে ফল প্রকাশের পর থেকেই পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কারণে শিক্ষা বোর্ডগুলোকে বড় ধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রয়োজন অনুযায়ী নতুন পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র সংগ্রহ, নম্বর যাচাই, যোগফল পরীক্ষা এবং পুনরায় তথ্য সংরক্ষণসহ বিভিন্ন ধাপে কাজ করতে হবে।
এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় শুধু নম্বরের যোগ-বিয়োগ বা ট্যাবুলেশন যাচাই নয়, উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
প্রতি পত্রের জন্য ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ ও সোনালী সেবা ব্যবহার করে পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে আবেদন জমা দিতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে নতুন করে সেই বিষয়ের জন্য আবেদন করা যাবে। তবে ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬।
এবার পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর না দেওয়া হলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে।
তিনি জানান, এ জন্য রিভিউ কমিটি গঠন করা হবে এবং শিক্ষার্থীরা যাতে তাদের প্রাপ্য নম্বর পায়, তা নিশ্চিত করা হবে। আগের পদ্ধতিতে মূলত ট্যাবুলেশন শিট যাচাইয়ের সুযোগ থাকলেও এবার উত্তরপত্র পুনরায় দেখে যথাযথ নম্বর দেওয়া হয়েছে কি না, সেটিও যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।
ফলে চলতি বছরের এসএসসি ফল পুনর্নিরীক্ষণ শুধু নম্বরের হিসাব যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং শিক্ষার্থীর প্রাপ্য নম্বর নিশ্চিত করার লক্ষ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়নেরও সুযোগ তৈরি হয়েছে।
