ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ এএম
শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের প্রভাবে গ্যাস উৎপাদন না হওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আবাসিক হলগুলোতে রান্না বন্ধ থাকার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীরা খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (১২, ১৩ ও ১৪ আগস্ট) তিনদিন যাবৎ গ্যাস না থাকায় বুধবার (১২আগস্ট) লাকড়ি দিয়ে রান্না হলেও বৃহস্পতিবার ও শুক্রবার রান্না হয়নি। এছাড়াও এ মাসের বেশ কয়েকদিন গ্যাস না থাকায় সকালেও রান্না হয়নি।
নজরুল হলের বর্তমান মেস কমিটির উপদেষ্টা মো. মিজানুর রহমান জানান, গ্যাস না থাকায় গত কয়েকদিন যাবত হলের ডাইনিং চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছে । দুই দিন যাবত আমাদের হলে রান্না বন্ধ। এর আগে দুইদিন কয়েকদিন লাকড়ি দিয়ে রান্না চালু রেখেছি এখন লাকড়িও খোঁজে পাচ্ছি না তাই দুইদিন যাবত রান্না বন্ধ আছে।
হলে অবস্থানরত বাংলা বিভাগের শিক্ষার্থী মফিদ আল হাছান পল্লব বলেন, চলমান তীব্র গ্যাস সংকটের কারণে ডাইনিং বন্ধ রাখতে হচ্ছে। এক্ষেত্রে হলের সাধারণ শিক্ষার্থীদের বাহিরে বাড়তি টাকা দিয়ে খাবার খেতে হচ্ছে। বিশেষ করে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান রয়েছে এর মাঝেও হলে খাবারের সমস্যার ফলে তাদেরকে বাড়িতে থাকতে হচ্ছে এবং পড়াশোনার সমস্যা হচ্ছে। আশা করি হল প্রশাসন আমাদের এই ভোগান্তি সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।
হলে অবস্থানরত একাধিক শিক্ষার্থী জানান গত কয়েকদিন যাবত হলে তীব্র গ্যাস সংকট চলমান রয়েছে। ফলে আমাদের সকালের মিল বেশিরভাগ সময় বন্ধ থাকে। গত দুইদিন যাবত হলে পুরোপুরি রান্না বন্ধ আছে। তাই আমাদের বাহিরে অস্বাস্থ্যকর এবং বাড়তি টাকা দিয়ে খাবার খেতে হচ্ছে।
নজরুল হলের তত্ত্বাবধায়ক প্রফেসর নূর মোহাম্মদ হারেছী বলেন, জাতীয় পর্যায়ে চলমান জ্বালানি সংকটের কারণে আমাদের হলেও গ্যাস সরবরাহ হচ্ছে না। আমি মেস কমিটিকে নির্দেশ দিয়েছি যেন তারা লাকড়ি ব্যবস্থা করে রান্না চালু রাখে।