প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন চলছে। ফল প্রকাশের পরদিন গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া শেষ হবে আজ সোমবার (১৭ আগস্ট)।
আবেদন শুরুর পাঁচ দিনের মধ্যেই ৩ লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবেন।
পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নের সুযোগ
এবার খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেরও সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ১৯৯৮ সালের আইনে উত্তরপত্র দেখার সুযোগ ছিল না। পরবর্তী সময়ে আইন সংশোধনের ফলে এবার শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।
প্রতি পত্রে ফি ১৫০ টাকা
খাতা পুনর্নিরীক্ষণের জন্য প্রতি পত্রে ১৫০ টাকা হারে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়গুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
একবার আবেদন ও ফি পরিশোধের পর কোনো শিক্ষার্থী চাইলে অতিরিক্ত বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ থাকবে। ভুল করে কোনো বিষয় নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে সেটি বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। কিন্তু একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।
আজই শেষ হচ্ছে আবেদনের সময়
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় আজ ১৭ আগস্ট। তাই যারা এখনো আবেদন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ফি পরিশোধের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
