শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

ব্যক্তিগত নম্বর ছড়িয়ে হয়রানির অভিযোগ, বাঁধনের প্রতিবাদ

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

আজমেরী হক বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট এবং তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।

অভিযোগে বলা হয়েছে, ‘মারুফ খান মুন্না’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাঁধনকে লক্ষ্য করে কুরুচিকর পোস্ট করা হয়। অ্যাকাউন্টটি বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। একই অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধন বলেন, কোনো রাজনৈতিক দল নারীর নিরাপত্তার কথা বলার পরও তাদের সমর্থকদের মাধ্যমে অনলাইনে নারীদের হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশের ঘটনাকে তিনি গুরুতর হয়রানি হিসেবে উল্লেখ করেন।

বাঁধন তাঁর পোস্টে লেখেন, ‘আমাকে ভয় দেখিয়ে আতঙ্কিত করা সম্ভব না। সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে। তোমরা যা ইচ্ছা করো। শুধু একটা কথা মনে রেখো— আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য থেরাপি নিয়েছি, এখনও নিচ্ছি। প্রয়োজনীয় ওষুধও নিয়েছি। তাই ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে। আর হ্যাঁ, মনে রেখো আমি ডাইনি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তাঁর সরব ভূমিকার কারণে এর আগেও তিনি আলোচনায় এসেছেন।

Link copied!