প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য রাজধানীতে চালু হওয়া বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ পিংক বাস প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার উদ্বোধনের পর সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার জন্য বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সড়কে পিংক বাসের চলাচল শুরুর কিছু সময়ের মধ্যেই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিংক বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীতে গোলাপি রঙের বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়। নারীদের জন্য নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করাই এই সার্ভিস চালুর মূল উদ্দেশ্য।
নতুন এই বাস সার্ভিসে নারী যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসির এই উদ্যোগ রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
