প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আইইইই-এপি-এস-পালস্-১০’শীর্ষক দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় একাডেমিক বক্তৃতা, শিল্প-একাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে IEEE AP-S–MTT-S বাংলাদেশ জয়েন্ট চ্যাপ্টার ও IEEE AP-S রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাখার যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IEEE-এর ফেলো ও ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির অধ্যাপক কারু এসেল। এ ছাড়া কর্মশালার আহ্বায়ক ড. ফয়েজ আহমেদ, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. হাসনাত কবীর এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আওরঙ্গজীব মো. আব্দুর রাহমান বক্তব্য দেন।
উদ্বোধনী পর্ব শেষে একাডেমিক সেশনে বিশেষ বক্তৃতা দেন অধ্যাপক কারু এসেল ও অধ্যাপক আতিফ শামিম। পরে শিল্প-একাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারীদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
শিল্প-একাডেমিয়া সংলাপে গ্র্যাজুয়েটদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রত্যাশা, প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। এতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কর্মক্ষেত্রে গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময় করেন।
সংলাপে গবেষণায় শিল্পখাতের ভূমিকা, গবেষণার অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধা উন্নয়ন এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
