মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
রবিবার ১৬, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকা থেকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন।
এরপর স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরবর্তীতে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের* জানান, এ ঘটনায় অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।