বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি।

বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে বিষয় কানে আসেনি, সে বিষয়কে এখন পর্যন্ত আমরা আমলে নিতে চাচ্ছি না।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত রয়েছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের জনগণ একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবেন বলে তিনি আশা করছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত (দীনেশ ত্রিবেদী) নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শেষে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।’

আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও এর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন।

Link copied!