সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

মাদ্রাসা বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

প্রতীকী ছবি

২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন শিক্ষার্থী। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ১২৯ জনের। ফেল থেকে পাস করেছেন ১৪২ জন।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার আলিম পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য মোট ৪০ হাজার ৮৩০টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৮২ জন। পুনর্নিরীক্ষণে সব মিলিয়ে ১ হাজার ১২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ৮৯৯ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে।

তবে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে বোর্ডের তথ্যে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, ২০২৬ সালের আলিম পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

Link copied!