প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
গতকাল (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া চার দফা দাবিতে তিনি প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সাদিক কায়েমের চার দফা দাবির মধ্যে রয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রতিটি সিন্ডিকেট চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা।
এ ছাড়া পরীক্ষা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনায় ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা চিরতরে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি।
