প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
বাংলাদেশ আর ‘আই অ্যাম জিপিএ ফাইভ’-এর যুগে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যা শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ আর ‘আই অ্যাম জিপিএ ফাইভ’-এর যুগে ফিরে যেতে চায় না। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যার মূল লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।
তিনি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণে গুরুত্ব পেতে হবে।
