বৃহস্পতিবার ৩০, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ৩০, জুলাই ২০২৬ -- : -- --

রুয়েটে চালু হলো অনলাইন সনদ ব্যবস্থাপনা

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই সনদ ও নম্বরপত্রের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে অনলাইনে ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় বার্তা পাওয়ার সুবিধাও মিলবে। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে অনলাইন সনদ ব্যবস্থাপনা।

সোমবার (২৮ জুলাই) উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, উপপরিচালক সহকারী অধ্যাপক জেড এইচ এম মঞ্জুর মোরশেদ, সহকারী পরিচালক ও তড়িৎ ও ডাকযোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফের নেতৃত্বে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে এ অনলাইন সনদ ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।

এত দিন সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়া, ফি পরিশোধ, বিভিন্ন দপ্তরের অনুমোদন নেওয়া এবং আবেদনসংক্রান্ত তথ্য জানার জন্য একাধিকবার বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। নতুন ব্যবস্থায় এসব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে।

প্রাথমিকভাবে এ প্ল্যাটফর্মের মাধ্যমে মূল সনদ, সাময়িক সনদ, একাডেমিক নম্বরপত্র ও চতুর্থ সনদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীরা নির্ধারিত ওয়েব পোর্টালে আবেদন করার পাশাপাশি অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন। প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর থাকবে, যার মাধ্যমে আবেদনকারীরা যেকোনো সময় আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। প্রয়োজনীয় নথিও অনলাইনে সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থায় বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, ছাত্রকল্যাণ দপ্তর এবং সিস্টেম প্রশাসকের জন্য পৃথক ব্যবস্থাপনা রাখা হয়েছে। আবেদন যাচাই-বাছাই, অনুমোদন, সনদ মুদ্রণ ও বিতরণের প্রস্তুতিসহ পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে। পাশাপাশি আবেদন অনুমোদন, ফি পরিশোধ নিশ্চিতকরণ এবং সনদ সংগ্রহের জন্য প্রস্তুত হওয়ার প্রতিটি ধাপে আবেদনকারীরা স্বয়ংক্রিয় বার্তা পাবেন।

সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং কাগজনির্ভরতা কমবে।

অনলাইন সনদ ব্যবস্থাপনার ওয়েব পোর্টাল: https://apply-certificate.ruet.ac.bd/

Link copied!