বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ জুলাই ২০২৬) মঙ্গলবার  সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। এতে ২২টি বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণী প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, র‌্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র‌্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের কোনো স্থান নেই। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।  তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। র‌্যাগিং-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা অভিযোগ নির্ভয়ে প্রশাসনকে জানাতে হবে এবং সবাইকে সচেতন থেকে র‌্যাগিং প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে ৬টি অনুষদের ১৭তম ব্যাচের ৬ জন শিক্ষার্থী এবং ১৮তম ব্যাচের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক দুটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবীন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, র‌্যাগিং প্রতিরোধে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে।

Link copied!