বৃহস্পতিবার ৩০, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ৩০, জুলাই ২০২৬ -- : -- --

কর্মসূচির অনুমতি না মেলায় পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুমতি না পাওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বাইরের অতিথিকে নিয়ে কর্মসূচি আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি না নেওয়ায় কর্মসূচির অনুমোদন দেওয়া হয়নি।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
  
জানা জ্যায়,ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া মাহফিল’। সংগঠনটির নেতা-কর্মীদের অভিযোগ, কর্মসূচিতে কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের অংশগ্রহণের বিষয়টি জেনেই শেষ মুহূর্তে প্রশাসন লিখিত অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে বিকেল ৪টার দিকে প্রধান ফটক থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, কেন্দ্রীয় সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মাসুদুর রহমান আদনান, হাবিবুল্লাহ মেজবাহ ও আবু ওমায়ের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, সাবেক মুখপাত্র সিরাজুম মুনিরা, পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম, ভারপ্রাপ্ত সদস্যসচিব ইব্রাহিম খলিল, পাবনার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
  
পাবিপ্রবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলম অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছিল। আমরা লিখিত আবেদনও জমা দিয়েছিলাম। সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর লিখিত অনুমতিপত্র নিতে গেলে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে আর অনুমতি দেয়না।” 

সংগঠনটির কয়েকজন নেতার দাবি, কর্মসূচি শুরুর ঠিক আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁদের জানান, আব্দুল্লাহ আল জাবেরের অংশগ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “ইনকিলাব মঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো লিখিত আবেদন দেয়নি। জুলাইয়ে আহত শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা কর্মসূচি করতেই পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বাইরের কোনো অতিথিকে এনে কর্মসূচি আয়োজন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। তারা সেই অনুমতি নেয়নি। তাই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।”

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, “কোথা থেকে ফোন আসে, কীভাবে কর্মসূচি বন্ধ হয়—এসব আমরা জানি। আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, একজন এক দেশে বসে ২০৪১ সালের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ২০২৪ সালেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন আবার কেউ ২০৩৪ সালের বয়ান শোনানোর চেষ্টা করছে। মনে রাখবেন, জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, জুলাইয়ের শহীদদের যদি অবমাননা করা হয়, তাহলে ২৬ কিন্তু ২৭-এ গিয়ে পৌঁছাবে না।”

Link copied!